ওঙ্কার ডেস্ক: অবশেষে জামিন পেলেন ‘ননসেন’ ওরফে কনটেন্ট ক্রিয়েটর শমীক অধিকারী। শারীরিক নির্যাতন ও জোর করে যৌন সম্পর্কের অভিযোগে ৬ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল তাঁকে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। সেই ঘটনা ঘিরে বেশ কয়েক সপ্তাহ ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সর্বত্রমহলে।
অভিযোগকারিণী, এক ২২ বছরের তরুণী, তিনি দাবি করেন যে ব্যক্তিগত পরিচয়ের সূত্রে তিনি শমীকের বেহালার ফ্ল্যাটে গিয়েছিলেন। সেখানেই তাঁকে প্রায় ২০ ঘণ্টা আটকে রাখা হয়, মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও নাকি দেওয়া হয়। পাশাপাশি জোর করে যৌন সম্পর্কের অভিযোগও তোলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ শমীক অধিকারীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, এই মামলায় একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল।
অন্যদিকে, প্রথম থেকেই নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন শমীক। তাঁর দাবি, গোটা ঘটনাটিই একটি পরিকল্পিত চক্রান্ত। পরিবারও একই কথাই জানিয়েছেন। শমীক অধিকারী সোশ্যাল মিডিয়ায় ‘ননসেন’ নামে পরিচিত। রিল ভিডিও, লাইফস্টাইল কনটেন্ট ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে তাঁর ভিডিও তরুণদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা ছিল। কয়েক লক্ষ অনুসারী নিয়ে তিনি কলকাতার ডিজিটাল কনটেন্ট জগতে একটি পরিচিত মুখ তিনি। কিন্তু সেই অনলাইন জনপ্রিয়তার আড়াল ভেঙেই হঠাৎ সামনে আসে এই গুরুতর অভিযোগ। এখনও পর্যন্ত আইনগত লড়াই জারি রয়েছে। এরপর এই মামলা কোন পথে এগোয় সেদিকে নজর অনুরাগীদের।
