ওঙ্কার ডেস্ক: সদ্যই ঘোষণা হয়েছিল তাঁর নতুন কাজের খোঁজ নিয়ে। নতুন ভূমিকায় দর্শকের কাছে আসতে চলেছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জী। কিন্তু সেখানেই ঘটল বিপত্তু। নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু হতে না হতেই ঘটল অঘটন। শুটিং চলাকালীন পায়ে চোট পেয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। পরিচালক শমীর রায়চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’র শুটিং সেটেই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সোমবার নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় পায়ের চোটের ছবি শেয়ার করে বিষয়টি সামনে এনেছেন অভিনেতা।
সোমবার থেকেই শুরু হয়েছে এই ওয়েব সিরিজের শুটিং। আর এই সিরিজে বিক্রম চট্টোপাধ্যায়ের ‘Vikram Chatterjee Films’র প্রথম প্রযোজনা। বাংলা চলচ্চিত্র জগতে অনেক তারকারই নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে, সেই তালিকায় এবার যুক্ত হল বিক্রম চট্টোপাধ্যায়ের নামও। অন্যদিকে, বিক্রম চট্টোপাধ্যায় তাঁর এই নতুন সিরিজের কাজ প্রসঙ্গে জানিয়েছেন, সিরিজটি মূলত ডার্ক হিউমারের উপর ভিত্তি করে তৈরি। গল্পের মূল চরিত্র অগ্নি, যে চরিত্রের মধ্যে অদ্ভুত মজা রয়েছে। এমন মজার চিত্রনাট্যে এর আগে তিনি কাজ করেননি বলেই জানান তিনি। পাশাপাশি এটি তাঁর প্রথম প্রযোজনা হওয়ায় সিরিজটি তাঁর কাছে আরও বিশেষ কারণ। উল্লেখ্য, এই ওয়েব সিরিজে বিক্রমের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, মেইয়াং চ্যাং, সত্যম ভট্টাচার্য এবং আয়ূষ দাস-কে।
