ওঙ্কার ডেস্কঃ রবিবার সন্ধ্যায় বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোটের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোম ও মঙ্গলবার পরপর দুই দিন একাধিক বৈঠক। সূত্রের খবর, বৈঠক শুরুর আগে জ্ঞানেশ কুমার যেতে পারেন কালীঘাট মন্দিরে। যেতে পারেন বেলুড় মঠেও। তবে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এই বিষয়ে জানান, “এমন কিছু জানা নেই। তবে তাঁর ব্যক্তিগত কোনও প্রোগাম থাকলে তিনি সেখানে যেতে পারেন।”
সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় পা রাখবে। দুইদিন ঠাসা কর্মসূচি রয়েছে জ্ঞানেশ কুমারদের। রাজনৈতিক দলগুলি থেকে রাজ্য প্রশাসনের উচ্চ আধিকারিক থেকে এসপি, জেলাশাসক, বিএলওদের সঙ্গে বৈঠক করবেন।
এসআইআর প্রক্রিয়া শুরু হয় ২০২৫ সালের অক্টোবর মাসের ২৭ তারিখ। সেই সময় রাজ্যের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় নাম বাদ যায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ ভোটারের। ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর দেখা গেল রাজ্যের মোট ভোটার দাঁড়িয়েছে ৭ কোটি ০৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। এখনও বিচারাধীন ৬০ লক্ষ ভোটারের নাম। বিধানসভা ভোট দোরগোড়ায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সেই বিচারাধীন ভোটার ও ভোটের নির্ঘণ্ট নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার কী বলেন সেই দিকেও তাকিয়ে সকলে। সূত্রের খবর, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লিতে ফিরে যাওয়ার পর ভোটের দিনক্ষণ জানা যাবে।
