ওঙ্কার ডেস্কঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বঙ্গ সফরের শেষ দিন। মঙ্গলবারও একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্যসচিব-সহ রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও বিএলওদের সঙ্গেও কথা বলবেন মুখ্য নির্বাচন কমিশনার। তারপর বিকেলে দিল্লিতে ফিরে যাবেন।
সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১০টায় সিইও, এসপিএনও, সিএপিএফ-এর নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। এরপর রাজ্যের মুখ্যসচিব-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করার কথা। তারপর বিএলওদের সঙ্গেও বৈঠক রয়েছে। সব শেষে সাংবাদিক বৈঠক সেরে বিকেলেই ফিরবেন দিল্লিতে।
সূত্রের খবর, জ্ঞানেশ কুমার মঙ্গলবার সকালে গিয়েছিলেন বেলুর মঠ। সেখান থেকে যান দক্ষিণেশ্বর মন্দিরে। কালীঘাটের পর দক্ষিণেশ্বরেও বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর গাড়ি লক্ষ্য করে তোলা হয় গোব্যাক স্লোগান। কালো পতাকা দেখানো হয়।
সোমবার সকালে আটটি রাজনৈতিক দলের সঙ্গে এক প্রস্থ আলোচনা সারে কমিশন। এক কিংবা দু’দফায় ভোটের দাবি জানিয়েছে বিরোধীরা। ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ যাওয়া এবং বৈধ ভোটাররা যাতে ভোট দিতে পারেন, তা জানাতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিম।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতেই রাজ্য সফরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, দিল্লিতে ফিরে গিয়েই ভোটের নির্ঘণ্ট প্রকাশের কথা কমিশনের। এখন দেখার পালা কবে দিনক্ষণ ঘোষণা করে কমিশন।
