ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে বাংলায় বিজেপির পরিবর্তন যাত্রা। জনসংযোগ সারতে বাংলার সর্বত্র রথযাত্রা বা পরিবর্তন যাত্রার পরিকল্পনা নিয়েছে পদ্মশিবির। আদবানীর পুরোনো ফরমূলাকেই বঙ্গ ভোটের আগে কাজ লাগাচ্ছে বিজেপি। এবার শর্তসাপেক্ষে বিজেপির পরিবর্তন যাত্রায় অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।
শুক্রবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। তিনি জানিয়েছেন, আগামী ১ থেকে ৩ মার্চ শর্তসাপেক্ষে পরিবর্তন যাত্রা কর্মসূচি করতে পারবে বিজেপি। এক হাজারের বেশি মানুষের জমায়েত চলবে না। আইনশৃঙ্খলাজনিত সমস্যা যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশকেই।
পরিবর্তন যাত্রার জন্য সময়ও নির্দিষ্ট করে দিয়েছে আদালত। বলা হয়েছে ১ থেকে ৩ মার্চ বেলা ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিছিল করা যাবে। বঙ্গ বিজেপি সূত্রে খবর, দোল উপলক্ষে ৩ এবং ৪ মার্চ পরিবর্তন যাত্রা বন্ধ থাকবে। সে ক্ষেত্রে ১ এবং ২ তারিখেই যাত্রার উদ্বোধন সেরে ফেলা হবে। ৫ মার্চ থেকে ফের শুরু হবে পরিবর্তন যাত্রার কর্মসূচি।
পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক বিভাগের সংখ্যা ১০। পরিকল্পনা অনুযায়ী, তার মধ্যে ন’টি বিভাগেই পরিবর্তন যাত্রা হবে। শুধু কলকাতা মহানগর বিভাগে যাত্রা হবে না। কর্মসূচির পরিসমাপ্তি পর্ব হিসাবে ব্রিগেড সমাবেশ আয়োজনের দায়িত্ব কলকাতা মহানগর বিভাগের উপরে রয়েছে।
১ মার্চ ‘পরিবর্তন যাত্রা’-র উদ্বোধন হবে কোচবিহার, কৃষ্ণনগর, কুলটি, গড়বেতায়। কথা ছীল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উদ্বোধন অনুষ্ঠানে আসবেন। কিন্তু জানা যাচ্ছে, তার কর্মসূচীতে কিছু পরিবর্তন হয়েছে। কর্মসূচির পরিসমাপ্তি হিসাবে ১৪ মার্চ ব্রিগেডে জনসভা রয়েছে। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
