ওঙ্কার ডেস্ক: হাওড়ার উলুবেড়িয়ার জয়পুর থানার অন্তর্গত সৌরিয়া গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শীতের রাতে ঘুমের মধ্যেই ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ হঠাৎই বাড়ির ভিতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশে খবর দেন।
দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ির ভিতরে থাকা চারজনের সকলেই আগুনে ঝলসে প্রাণ হারান। মৃতদের মধ্যে রয়েছেন পরিবারের বয়স্ক কর্তা, তাঁর ছেলে, পুত্রবধূ এবং নাবালিকা নাতনি। আগুনের তীব্রতায় গোটা বাড়িটি কার্যত ভস্মীভূত হয়ে যায়। দমকল কর্মীরা আগুন নেভানোর পর ঘরের ভিতর থেকে চারটি দেহ উদ্ধার করেন।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে একই পরিবারের চারজনের মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা স্তব্ধ ও শোকাহত।
