ওঙ্কার ডেস্ক: শেখ হাসিনা জমানার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে শীতলতা তৈরি হয়েছিল। মহম্মদ ইউনুস বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক পদ থেকে বিদায় নিতে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্ক আরও মসৃণ হতে চলেছে। বাংলাদেশে সব ধরণের ভিসা চালু করার পথে মোদী সরকার। বাংলাদেশে নিযুক্ত ভারতের এক রাষ্ট্রদূত এমনটাই জানিয়েছেন।
সিলেটে ভারতের কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানিয়েছেন, সব ভিসা পরিষেবা পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বর্তমানে মেডিক্যাল ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। ভ্রমণ ভিসা-সহ অন্যান্য শ্রেণির ভিসা পুনরায় চালুর প্রস্তুতি চলছে।’ ভারত–বাংলাদেশ সম্পর্ক আরও মসৃণ হওয়ার পথে। উল্লেখ্য, ইউনুস সরকারের আমলে একাধিক ভারত বিদ্বেষী নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে অভিযোগ উঠেছিল। মিশনগুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই আবহে ২০২৫ সালের ১৭ ডিসেম্বর থেকে ধাপে ধাপে বাংলাদেশে ভিসা পরিষেবা স্থগিত করে নয়াদিল্লি। প্রথমেই ঢাকার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ করে দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে শেখ হাসিনার সরকার। যা চলে আগস্ট মাসেও। ছাত্র জনতার সেই অভ্যুত্থানের মুখে পড়ে ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন মুজিব কন্যা। বর্তমানে নয়াদিল্লির আশ্রয়ে রয়েছেন তিনি। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে নিষিদ্ধ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার দলকে ছাড়া গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন হয়। বিপুল ভোট পেয়ে জয়ী হয় বিএনপি। বিএনপির জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী হন খালেদা পুত্র তারেক রহমান।
