স্পোর্টস ডেস্ক :দ্বিতীয় টি-২০ ম্যাচে রায়পুর দেখেছিল ইশান কিষানের ব্যাটে সুপার সাইক্লোন। বিধ্বংসী মেজাজে ব্যাট করে অতি-সহজেই কিউয়িদের হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। ইশানের সঙ্গে পাল্লা দিয়ে ঝড়ো ব্যাটিং উপহার দেন সূর্যকুমার যাদবও। আর রবিবার গুয়াহাটিতে ব্যাট হাতে আরও এক বিধ্বংসী সুপার সাইক্লোন উপহার দিলেন অভিষেক শর্মা। মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি করে নয়া ইতিহাস রচনা করলেন মিস্টার শর্মাজি। ভাঙলেন বহু তারকা ক্রিকেটারদের রেকর্ড। আর এদিন সঙ্গে পাল্টা দিয়ে রুদ্র মূর্তিতে আক্রমণাত্বক ব্যাটিং অধিনায়ক সূর্যকুমার যাদবের। মাত্র ১০ ওভার ব্যাট করেই ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের দেওয়া ১৫৪ রানের সহজ টার্গেট অতিক্রম করে গেলেন অভিষেক ও সূর্য। এদিন ২০ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন অভিষেক শর্মা। তাঁর ইনিংস সাজানো ছিল ৭ টা চার ও ৫ টা ছয় দিয়ে। অন্যদিকে সূর্য অপরাজিত ২৬ বলে ৫৭ রানে। তাঁর ইনিংসে ছিল ৬ টা চার ও ৩ টে ছয়।এদিন প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ৯ উইকেটে ১৫৩ রান। কিউয়িদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন গ্লেন ফিলিপস। ২৭ রান করেন মিচেল স্যান্টনার। ভারতের হয়ে ৩ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। ফলে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের ভারতের মাটিতে শুধুমাত্র সিরিজ হারই নয়, এত খারাপ ক্রিকেট প্রদর্শন তাদের চিন্তা যে হাজারোগুন বাড়ালো তা বলা যেতেই পারে। ম্যাচের পরে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন,’আমরা এ ভাবেই খেলব। সে প্রথমেই ব্যাট করি, বা রান তাড়াই করি না কেন। হ্যাঁ, যদি ২০ রানে ৩ উইকেট বা ৪০ রানে ৪ উইকেট পড়ে যায়, তা হলে কী ভাবে খেলতে হবে সেটা আমরা জানি। কিন্তু আমরা অন্য ধরনের ক্রিকেট খেলতে চাইছি। তার জন্য এটাই জরুরি।”
এই ম্যাচেও অর্ধশতরান করেছেন সূর্য। কিন্তু তাঁর কাজ দলের টপ অর্ডারের ব্যাটারেরা সহজ করে দিয়েছেন বলে জানিয়েছেন অধিনায়ক। এই ম্যাচে সুযোগ পেয়ে রবি বিশ্নোই যে ভাবে বল করেছেন তার প্রশংসাও করেছেন সূর্য। তিনি বলেন, “ও জানে ওর শক্তি কী। ও ভাল বল করছে। দল যখন চাপে থাকে, তখন আগেও বিশ্নোই ভাল বল করেছে। ওকে দলে দেখে ভাল লাগছে। ও খেলায় বরুণও বিশ্রাম পেয়ে গেল।”
