ওঙ্কার ডেস্কঃ একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা, তারমধ্যে চতুর্থ দিনে পড়ল পাক-আফগান যুদ্ধ। রবিবার ভোরে বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। কাবুলের বেশ কয়েকটি জায়গায় ফের গোলাবর্ষণ করেছে পাক সেনা। পালটা উত্তর দিয়েছে আফগানিস্তানও। পাক যুদ্ধবিমান গুলি করে নামানোরও দাবি করেছে তালিবান।
সূত্রের খবর, মধ্য কাবুলের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। কয়েক রাউন্ড গুলিও চলেছে বলে অভিযোগ। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “রাজধানী কাবুলে ফের বিমান হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। কাবুলবাসীর উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।”
বৃহস্পতিবার রাতে পাকিস্তানি হামলার পালটা দিতে পাক সীমান্ত পেরিয়ে আক্রমণ করেছে আফগানিস্তান। পাকিস্তানের অন্তত ১২টি পোস্ট আফগানিস্তানের দখলে এসেছে বলেও দাবি তালিবান প্রশাসনের। পাকিস্তানের ৫৫ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। রবিবারও সংঘর্ষ জারি রয়েছে দু’দেশের।
