ওঙ্কার ডেস্ক: গ্রিনল্যান্ডে যদি মার্কিন বাহিনী হামলা চালায় তাহলে আত্মরক্ষার জন্য ডেনমার্ক প্রস্তুত, এমনটাই জানালেন ডেনমার্কের সাংসদ এবং প্রতিরক্ষা কমিটির চেয়ারপারসন রাসমুস জারলভ। ডেনিশ সেনাবাহিনী যুক্তরাষ্ট্রকে থামাতে পারবে না মেনে নিয়েও তিনি বলেন, এই ধরনের হামলা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয় বলে।
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জারলভ বলেন, ‘আমরা এটা স্পষ্ট করে দিতে চাই, আমাদের ওপর সামরিক হামলা চালানো মানা যায় না। এটি দুটি ন্যাটোভুক্ত দেশের মধ্যে যুদ্ধের মতো একটি অযৌক্তিক ও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে, যা হবে সম্পূর্ণ বিধ্বংসী এবং অত্যন্ত নির্বোধ ও অপ্রয়োজনীয়।’
জারলভ বলেন, ট্রাম্প যে গ্রিনল্যান্ডে হামলা করার হুমকি দিচ্ছে, তার যৌক্তিক কারণ নেই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই গ্রিনল্যান্ডে প্রবেশাধিকার পেয়েছে। শুধু তাই নয়, দুটি দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তিও রয়েছে। যার ফলে খনিজ উত্তোলনের সুযোগ পায় ওয়াশিংটন। তিনি বলেন, ‘আমরা আশা করি পরিস্থিতি স্বাভাবিক করতে পারব। এটি আরও খারাপের দিকে যাবে না।’
উল্লেখ্য এর আগে ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে প্রথম প্রেসিডেন্ট থাকাকালীন দ্বীপটি কেনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ডেনমার্ক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, দ্বীপটি বিক্রির জন্য নয়। ২০২৪ সালের নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় ফিরে এসে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার জন্য পুনরায় প্রস্তাব দেন। যদিও তা মানা অসম্ভব বলে এবারেও জানিয়ে দিয়েছে ডেনমার্ক। জারলভ বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তাঁর কথায়, আমরা ৫৭,০০০ ডেনিশ নাগরিককে বিক্রি করে মার্কিন নাগরিক বানাতে পারি না।’
