ওঙ্কার ডেস্ক: যুদ্ধের আগুনে পুড়ছে ইরান। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে যুদ্ধবিরতির আর্জি জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তার কয়েকঘণ্টার মধ্যেই মোদীকে নিজের ‘মহান বন্ধু’ উল্লেখ করে এই কঠিন সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন নেতানিয়াহু।
সূত্রের খবর, নেতানিয়াহু জানিয়েছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। ইজরায়েলের পাশে থাকার জন্য এবং ভারতের অগাধ ভরসার কারণে তাঁকে ধন্যবাদ জানান।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘ইজরায়েলের ভারত ও ভারতীয়দের প্রতি গভীর ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে’। তবে শুধু মোদী নয়, আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গেও যোগাযোগ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে।
শনিবার ভোররাতে ইজরায়েল ও মার্কিন সেনা যৌথভাবে ইরানে হামলা চালায়। সেই হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর। এছাড়াও আমেরিকা ইজরায়েলের হামলায় প্রাণ হারান খামেনেইয়ের পরিবারের কয়েকজন সদস্য। ইরানের কয়েকজন শীর্ষ কর্তারা প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। পালটা আঘাত হানে ইরানও। সূত্রের খবর, এই সংঘর্ষে এখনও পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইজরায়েলে ইরানের হামলায় ৯ জন নিহত হয়েছেন।
