ওঙ্কার ডেস্কঃ বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান। ট্রাম্পের মন্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আবার আক্রমণ শানাল ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানি ক্ষোভ উগরে দিয়েছেন। ট্রাম্প এবং নেতানিয়াহুকে ইরানিদের ‘প্রধান খুনি’ বলে উল্লেখ করেছেন।
ইরানের বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আপাতত ইরান প্রশাসনের সঙ্গে কোনও আলোচনায় বসতে রাজি নয় আমেরিকা। পাশাপাশি, বিক্ষোভকারীদের পিছু না-হটে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের বার্তা ভাল ভাবে নেয়নি ইরান। লারিজানি এক্স পোস্টে বলেন, ‘‘আমরা ইরানের জনগণের প্রধান হত্যাকারীর নাম ঘোষণা করছি। প্রথমে আছে ট্রাম্পের নাম, তার পরে নেতানিয়াহু।” ইরানে চলমান বিক্ষোভে মদত দেওয়া জন্য রাষ্ট্রপুঞ্জেও ট্রাম্পকে কাঠগড়ায় তোলা হয়েছে। তিনি দাবি করেন, ট্রাম্পই ইরানে অস্থিরতা সৃষ্টি করছেন।
গত ২৭ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভের সূত্রপাত। মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের অভিমুখ এখন ঘুরে গিয়েছে সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের দিকে। ইরানের রাজপথ জুড়ে বিক্ষোভ চলছে। ক্রমে দেশের অন্য প্রান্তেও ছড়িয়ে পড়ে সেই বিক্ষোভের আঁচ। খামেনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভে প্রকাশ্যেই সমর্থন জানিয়েছেন ট্রাম্প এবং তাঁর প্রশাসন।
