ওঙ্কার ডেস্কঃ ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান। প্রাথমিক সূত্রে খবর, ইরানি মদতপুষ্ট এক ইসলামিক গোষ্ঠী মার্কিন যুদ্ধ বিমানকে গুলি করে নামানোর দায় স্বীকার করেছে। অনুমান করা হচ্ছে, ওই সামরিক বিমানে অন্তত পাঁচজন মার্কিন সেনাকর্মী ছিলেন। তবে মার্কিন সেনাদের অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
মার্কিন সেনা সূত্রে খবর, কেসি ১৩৫ নামে একটি ট্যাঙ্কার ভেঙে পড়েছে। এই বিমান মূলত যুদ্ধের সময় ফাইটার জেট এবং অন্যান্য যুদ্ধবিমানগুলিকে জ্বালানি সরবরাহ করে। বৃহস্পতিবার দু’টি জ্বালানি সরবরাহকারী বিমান ইরাকের আকাশসীমা দিয়ে যাচ্ছিল বলে মার্কিন সেনা জানিয়েছে। তার মধ্যে একটি ভেঙে পড়েছে, অপরটি নিরাপদে ল্যান্ড করেছে। তবে এই বিমানে তিনজন কর্মী থাকেন। কিন্তু ইরাকে ভেঙে পড়া বিমানে দু’জন অতিরিক্ত কর্মী কেন ছিলেন, সেই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।
বিমান ভেঙে পড়ার পরেই মুখ খুলেছে ইরানের মদতপুষ্ট গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। তারা জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান কেসি ১৩৫ গুলি করে নামিয়েছে তারা। ইরাকের সার্বভৌমত্ব এবং আকাশসীমার নিরাপত্তা বজায় রাখার জন্যই এই পদক্ষেপ করেছে তারা। যদিও আমেরিকার দাবি, কোনও হামলার ফলে যুদ্ধবিমান ভাঙেনি। তবে কী যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ভেঙেছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
যুদ্ধ আবহে এই নিয়ে চারবার ভাঙল মার্কিন যুদ্ধবিমান। সূত্রের খবর, গত সপ্তাহেই কুয়েতে তিনটি মার্কিন সামরিক বিমান ভেঙে পড়েছিল। কুয়েতের ছোড়া গুলিতেই বিমানগুলি ভাঙে। পেন্টাগন জানায়, ভুলবশত অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৫-এর উপর হামলা হয়েছে। তবে তিনটি যুদ্ধবিমানে থাকা সেনাকর্মীদের নিরাপদে বের করে আনা হয়।
