ওঙ্কার ডেস্কঃ যুদ্ধের ঘনঘটা। যুদ্ধের আগুনে পুড়ছে শেয়ার বাজারও। সোমবার সকালে একধাক্কায় ২০০০ পয়েন্টের বেশি নেমেছে সেনসেক্স। নিফটির তীরও নীচের দিকে। যুদ্ধের ফলে জ্বালানি তেল পরিবহণের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ। এই অবস্থায় অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তার ব্যাপক প্রভাব পড়ছে ভারতের বাজারে। এছাড়াও বিশ্বব্যাপী বাণিজ্যের ঝুঁকি বাড়ায় বিদেশী বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে অর্থ তুলে নিচ্ছেন।
শেয়ার বাজার সূত্রে খবর, যুদ্ধের বাজারে সবচেয়ে বেশি করে ক্ষতিগ্রস্থ হয়েছে, ব্যাঙ্কিং, আইটি সেক্টর এবং ধাতব সংস্থার স্টকগুলি। জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা বেজে ১৮ মিনিট অবধি সেনসেক্স পড়েছে ২,১৭৭.৬১ পয়েন্ট। এর ফলে সেনসেক্স দাঁড়িয়েছে ৭৬,৭৪১.২৯ পয়েন্টে। অন্যদিকে ৬৪৭.৬০ পয়েন্টে পড়ে হয়েছে ২৩,৮০২.৮৫ পয়েন্ট।
উল্লেখ্য, ইরানের মাটিতে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইর। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে।
