ওঙ্কার ডেস্ক: সমাজ মাধ্যম তাঁর মৃত্যুর খবরে ছয়লাপ হয়ে পড়েছে। ভুয়ো খবর ছড়িয়ে পড়ার বিষয়টা গোচরে আসতে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় নিজেই প্রকাশ্যে জানালেন, তিনি বেঁচে রয়েছেন। সুস্থ আছেন তা জানিয়ে রাজনীতিবিদদের খোঁচা দিয়ে তিনি বলেন, ‘অনেক খারাপ চরিত্রে অভিনয় করেছি। কিন্তু রাজনৈতিক নেতাদের মতো খারাপ নই।’
সমাজ মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে পড়তে বর্তমানে বেশি সময় লাগে না। আজকাল ফেক নিউজের রমরমার সময়ে কখনও কখনও সেলেবদের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। যার ফলে অনুরাগীদের মধ্যে বি ভ্রান্তি তৈরি হয়। ভুল তথ্য পৌঁছে যায় হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গেও এমন ঘটেছে। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন, এমন দাবি করে কেউ ছবি পোস্ট করেছিলেন। বিষয়টা নজরে পড়তে প্রথমে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স প্রতিক্রিয়া জানায়, তারা জানায় এই সংবাদ সম্পূর্ণ ভুয়ো। বিপ্লব চট্টোপাধ্যায় সুস্থ আছেন।
এরপর অভিনেতা নিজেই ভিডিও বার্তায় বলেন, ‘একটা খবর ছড়িয়ে পড়েছে, আমি নাকি মারা গিয়েছি। মারা তো যাবই। তবে ঈশ্বর যতদিন রেখেছেন, ততদিন থাকি। যে বা যিনি এই কাজ করেছেন, তিনি এটা বন্ধ করুন। চট করে সবাইকে মৃত বলে দেবেন না। শুধু আমার নয়, কারও সম্পর্কে এমনটা বলবেন না। বলার আগে একটু ভাববেন।’ সেই সঙ্গে তিনি বলেন, বহু খারাপ চরিত্রে অভিনয় করেছি। তবে আমি রাজনৈতিক নেতাদের থেকে খারাপ নই।’