ওঙ্কার ডেস্কঃ মোদীর ব্রিগেড সফরের দিন মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনায় তোলপাড় রাজ্য। ব্রিগেডের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইসিইউতে ঢোকানোর হুমকি দিয়েছিলেন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। এবার দিলীপ ঘোষের মুখেও শোনা গেল একই বক্তব্য। তবে কি এবার শশী পাঁজার পর টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়! স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন।
রবিবার দিলীপ ঘোষ জানান, “বাইরের লোক লাগে না আমরাই তৃণমূলকে মারতে পারি। সারা বাংলায় মারব। আমার কর্মী এবং সাধারণ মানুষকে আহ্বান করছি আমরা সামনে আছি। শুরু করেছি। আপনারা হাত লাগান। এবার আপনারাও হাত লাগান।”
তিনি আরও বলেন, “শশী পাঁজা নাটক করছেন। গুরু যেমন চ্যালাও তেমন। কালও তাই করেছেন। মব নিয়ে বাসে ইট, পাটকেল ছুঁড়ছিলেন। বুঝতে পারেননি সব সময় একরকম হবে না। আমাদের কর্মীরা তৈরি হয়ে আছেন। এবার সাবধান না হলে শুধু মাথায় নয়, আরও অনেক জায়গায় ব্যান্ডেজ বাঁধতে হবে। বোম, বন্দুক সব আনব”।
হুঁশিয়ারির সুরে দিলীপ ঘোষ বলেন, “মনে রাখবেন, কাল প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। হিসাব মানে শুধু টাকার হিসাব নয়। এতদিন যা গুন্ডামি করেছেন, তার সব হিসাব চোকাতে হবে। যদি শশী পাঁজার বাড়িতে হামলা হতে পারে। কালীঘাটেও হামলা হতে পারে। মদন মিত্র বা চেতলার বাড়িতেও হামলা হতে পারে। বেশি বাড়াবাড়ি করলে আমি তৃণমূলকেই নামিয়ে দেব।”
ভোটের আগে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। তবে বার বার বিজেপির সাংগঠনিক দুর্বলতাই প্রকাশ্যে এসেছে। প্রশ্ন উঠছে, সে কারণেই কি হুমকির রাজনীতি করছে গেরুয়া শিবির? যদিও তৃণমূলের দাবি, বাংলার মানুষ ভোটে এর উত্তর দেবে।
