ওঙ্কার ডেস্ক: দেশের নারী নিরাপত্তার মানচিত্রে কলকাতা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। মহিলাদের নিরাপত্তা আরও সুরক্ষিত করতে দুটি বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার থেকে শহরে চালু হচ্ছে ‘পিঙ্ক বুথ’ ও ‘পিঙ্ক মোবাইল’ পরিষেবা। এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে এ বিষয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘পিঙ্ক বুথ ‘ও ‘পিঙ্ক মোবাইল’ পরিষেবা ঠিক কী? লালবাজার সূত্রে খবর, কলকাতা শহরে মূলত নারী নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ‘পিঙ্ক বুথ’ সারারাত চালু থাকবে। একজন করে পুলিশ আধিকারিক এই বুথের দায়িত্বে থাকবেন। সঙ্গে থাকবেন তিন থেকে পাঁচ জন মহিলা পুলিশকর্মী। রাতে কোনও মহিলা বিপদে পড়লে তিনি ওই বুথে সাহায্যের জন্য যেতে পারেন। এরপর সেখানে কর্মরত মহিলা পুলিশকর্মীরাই তাঁকে সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবেন। ‘পিঙ্ক মোবাইল’ হচ্ছে টহলদার গাড়ি। তাতেও থাকবেন মহিলা পুলিশকর্মী ও আধিকারিকরা। মহিলাদের বিপদের খবর পেলে গাড়ি দ্রুত ছুটে যাবে সেখানে। বেশি রাতে কোনও মহিলা বাড়ি যাওয়ার জন্য গাড়ি না পেলে ‘পিঙ্ক বুথ’ ও ‘পিঙ্ক মোবাইল’ তাকে সাহায্য করবে বলে জানিয়েছে পুলিশ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বেশ কয়েকটি সম্পূর্ণ মহিলা চালিত পিঙ্ক বুথ চালু করা হবে। শনিবার থেকেই পরিষেবা চালু হবে। শহরের আমার বোনেরা এই বুথগুলিতে যে কোনও সহায়তার জন্য সরাসরি কলকাতা পুলিশের মহিলা অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দ্বিতীয়ত, আজ সন্ধ্যা থেকেই বেশ কয়েকটি সম্পূর্ণ মহিলা-চালিত পুলিশ ভ্যান রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত ডিউটিতে থাকবেন। রাতে ইএম বাইপাস-সহ আমার কর্মরত বোনরা যে রাস্তাগুলি ব্যবহার করেন সেই প্রধান রাস্তাগুলিতে টহল দেবে।’ তাঁর আরও সংযোজন, ‘কলকাতা বছরের পর বছর ধরে দেশের সবচেয়ে নিরাপদ শহরের স্থান দখল করেছে। আমি নিশ্চিত এই দু’টি অনন্য নতুন উদ্যোগ একই ধারাকে এগিয়ে নিয়ে যাবে।’
