নিজস্ব সংবাদদাতা : ক্যাফের ব্যবসাকে হাতিয়ার বানিয়ে দীর্ঘদিন ধরে হুক্কা পার্লার সহ একাধিক বেআইনি কারবার চলছিল। ক্যাফের মালিক সাধারণ একটি বাড়ি ভাড়া নিয়ে এই ব্যবসা শুরু করার পর থেকেই এলাকার মানুষের নজরে আসে। ক্যাফে মালিককে অনেক দিন ধরে সতর্ক করে আসছিলেন, কিন্তু তাতে কোন রকমের পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন বাড়ির মালিক।
১৮৮/১৪ এ, প্রিন্স আনোয়ার শাহ রোড এলাকায় আতিকুর রহমানের কাছ থেকে বাড়ির বারান্দা ভাড়া নিয়ে ক্যাফের ব্যবসা শুরু করেন জুলিয়ান ও সিমরান নামে দুই ব্যাক্তি। অভিযোগ, লোক দেখানি ক্যাফে সাজিয়ে রেখে অসামাজিক কাজ শুরু করেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ক্যাফেতে ওই অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে অস্বাভাবিকতা চূড়ান্ত মাত্রায় পৌঁছোয়। ক্যাফের পাশের আবাসনে থাকা নিরাপত্তারক্ষীর চোখে পড়ে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক যাতায়াত। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করায় নিরাপত্তারক্ষীর ওপর চড়াও হন ক্যাফে মালিক। মারধোর করেন বলেও অভিযোগ।
এই সব ঘটনা ঘটার পরে উল্টে ক্যাফে কর্মীরা অভিযোগ করে, তাদের ওপর বাড়ি মালিক অত্যাচার করেছে। মারধর, চুল টেনে ফেলে লাথি, ঘুসি মারা হয়েছে তাদের। ক্যাফে কর্তৃপক্ষের অভিযোগ, তিনি তার জীবনের সমস্ত টাকা পয়সা দিয়ে এই ব্যবসা চালু করেছেন। কিন্তু এই সমস্ত অত্যাচার তাদের এই ব্যবসাকে ভেঙে দিচ্ছে।
ক্যাফে মালিক বলেন, বাড়ি মালিক বলার পর থেকেই তাঁরা তাদের হুক্কার ব্যবসা বন্ধ করে দেন। কিন্তু তা সত্ত্বেও তাঁদের হেনস্থা করা হচ্ছে। ঘটনার পর ক্যাফে মালিক ও আক্রান্ত নিরাপত্তারক্ষী দুজনেই লেক থানায় অভিযোগ জানান। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করে।
