ওঙ্কার ডেস্কঃ মেসি কলকাতায় আসার আগে যতটা উত্তেজনার পারদ চড়েছিল, কলকাতায় মেসি বিভ্রাট ঘটার পর বিতর্কও কম হয়নি। ‘গোট ট্যুরে’র মূল আয়োজক এখন পুলিশি হেফাজতে। জেরায় তার বয়ান অনুযায়ী, মেসির ভারত সফরের মোট খরচ ছিল প্রায় ১০০ কোটি টাকা। যার সিংহভাগই গিয়েছে খোদ বিশ্বফুটবল তারকার পারিশ্রমিকে।
তদন্তকারী বিশেষ দলকে শতদ্রু জানিয়েছেন, মেসিকে এই সফরের জন্য দেওয়া হয়েছে প্রায় ৮৯ কোটি টাকা। পাশাপাশি ভারত সরকারকে কর বাবদ আরও ১১ কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে সাকুল্যে ব্যয় দাঁড়াচ্ছে ১০০ কোটিতে। কিন্তু এই পরিমান অর্থের উৎস কী, জানতে চায় পুলিশ। তার ব্যাখ্যা দিয়ে শতদ্রু দত্ত জানান, মোট খরচের ৩০ শতাংশ স্পনসরদের কাছ থেকে এসেছে। বাকি ৩০ শতাংশ জোগাড় হয়েছে টিকিট বিক্রি করে।
যুবভারতীয় ঘটনার জন্য শতদ্রু একটি গুরুতর অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, অনুষ্ঠানের আগে মাত্র ১৫০টি গ্রাউন্ড পাস ইস্যু করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠান চলাকালীন একজন ‘অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি’ স্টেডিয়ামে এলে তাঁর হস্তক্ষেপেই পাসের সংখ্যা হঠাৎ তিনগুণ হয়ে যায়। ফলে ভেঙে পড়ে পুরো নিরাপত্তা ব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা।
মেসি কান্ডে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও তদন্ত শেষ না হওয়া অবধি মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান অরূপ বিশ্বাস।
