ওঙ্কার ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাজস্থান থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। পুলিশ সূত্রে খবর, মোট ১৮৭ টি বস্তায় ৯,৫৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট মিলেছে। বিস্ফোরক মজুতের সূত্রে সুলেমান খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কাদের কথায়, কেন এত পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজস্থান পুলিশ জানিয়েছে, এই তদন্তে কেন্দ্রীয় সংস্থা হস্তক্ষেপ করবে।
সুত্রের খবর, শনিবার গভীর রাতে রাজস্থানের নাগৌর জেলার হারসৌর গ্রাম থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়। রবিবার রাতে সাংবাদিক বৈঠক করে নাগৌরের পুলিশ সুপার মৃদুল কছওয়া জানিয়েছেন, গোপন সূত্রে গ্রামে বিস্ফোরক মজুতের খবর পেয়েছিলেন তাঁরা। মধ্যরাতে সেখানে অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধার করা হয়। আরডিএক্স তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান অ্যামোনিয়াম নাইট্রেট মিলেছে।
অ্যামোনিয়াম নাইট্রেট ছাড়াও ওই গ্রাম থেকে পাওয়া গিয়েছে বিস্ফোরক তৈরির আনুষঙ্গিক বেশ কিছু সামগ্রী। মিলেছে ডিটোনেটর তৈরির ন’টি কার্টন, ১৫ বান্ডিল ব্লু ফিউজ তার, ১২টি কার্টন, পাঁচ বান্ডিল রেড ফিউজ তার। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে এই বিস্ফোরক মজুতের তেমন কোনও যোগ নেই। এগুলি আইনি এবং বেআইনি খননকার্যের জন্য জোগান দিচ্ছিলেন অভিযুক্ত।
গত নভেম্বরে দিল্লির লালকেল্লায় বিস্ফোরণ হয়েছিল। তার ঠিক আগেই হরিয়ানার ফরিদাবাদ থেকে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছিল পুলিশ। উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে মোট উদ্ধার হওয়া বিস্ফোরকের পরিমাণ ছিল ২৯০০ কেজি। তাই প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে রাজস্থান থেকে একসঙ্গে ১০ হাজার কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তাই চাঞ্চল্য ছড়িয়েছে।
