ওঙ্কার ডেস্ক: হাড়হিম করা ঘটনা বিহারের জেহানাবাদ জেলায়। হাতে ময়লা থাকাবস্থায় খাবার পরিবেশন করেছিলেন, আর তা নিয়ে বিতর্কের জেরে বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে ধড় থেকে মুণ্ডু আলাদা করে দিলেন যুবক। বুধবার সকালে ঘটা এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বধূর নাম অংশু কুমারী। ২২ বছর বয়স তাঁর। অভিযুক্ত যুবকের নাম কুণাল কুমার। তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা মাঠে কাজ করছিলেন। সেই সময় ওই যুবক তাঁর বৌদি অংশু কুমারীকে খাবার বেড়ে দিতে বলেন। খাবার দেওয়ার সময় অংশুর হাতে ধুলো বালি লেগে থাকতে দেখে কুণাল আপত্তি জানান। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। সেই কথা-কাটাকাটির সময় কুণাল অংশুকে মারধর করেন। এর পর একটি ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা জড়ো হন বাড়িতে। পুলিশকে খবর দেন তাঁরা।
তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেন। সেই সঙ্গে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, প্রায় এক বছর আগে কুণালের ভাই ধর্মেন্দ্র কুমারের সঙ্গে অংশুর বিয়ে হয়। কিন্তু বৌদির সঙ্গে এমন নৃশংস ঘটনা মেনে নিতে পারছেন না কেউ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রীতিমতো। পুলিশ জানিয়েছে, তারা হত্যাকাণ্ডের কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে। সব দিক তদন্ত করে দেখা হচ্ছে।