ওঙ্কার ডেস্ক: ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’ এর প্রশংসা করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার উত্তরপ্রদেশের লখনউয়ে তৈরি ‘ব্রহ্মস’-এর নতুন কারখানা থেকে ইসলামাবাদকে নিশানা করেন তিনি। এদিন প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, পাকিস্তানের প্রতিটি কোনা ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে রয়েছে।
শনিবার রাজনাথ সিং এর কথায় উঠে আসে অপারেশন সিঁদুর অভিযানের প্রসঙ্গ। উত্তরপ্রদেশের লখনউয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘অপারেশন সিঁদুরের সময়ে যা হয়েছে, তা কেবল ঝলক ছিল। সেই ঝলকই পাকিস্তানকে শিক্ষা দিয়েছে যে ভারত যদি পাকিস্তানের জন্ম দিতে পারে, তা হলে তারা আর কী কী করতে পারে।’
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় পাকিস্তান জড়িত ছিল বলে অভিযোগ। পহেলগাঁও কাণ্ডের জবাবে ৭ মে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছিল। চার দিন ধরে চলে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত। প্রতিরক্ষামন্ত্রী জানান, সে সময় ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়েছিল। এদিন রাজনাথ বলেন, ‘অপারেশন সিঁদুর প্রমাণ করে দিয়েছে জেতা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আজ গোটা দেশ বিশ্বাস করে যে আমাদের শত্রুরা আর ব্রহ্মস থেকে পালিয়ে বেড়াতে পারবে না। পাকিস্তানে প্রত্যেকটা ইঞ্চি এখন আমাদের ব্রহ্মসের নাগালের মধ্যে রয়েছে।’
