ওঙ্কার ডেস্কঃ একই সঙ্গে চতুর্থ ও পঞ্চম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এই দফায় প্রায় ৩ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। তবে কোট ভোটারের নাম বাদ গিয়েছে, তা এখনও স্পষ্ট করা হয়নি।
কমিশন সূত্রে খবর, এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ৬০ লক্ষেরও বেশি নাম বিচারাধীন ছিল, তার মধ্যে এখনও পর্যন্ত ৪৩ লক্ষের মতো নামের নিষ্পত্তি হয়েছে। আর শেষের চার দফায় সাপ্লিমেন্টারি লিস্টে ৪৪ থেকে ৪৬ শতাংশ নাম বাদ গেছে।
এসআইআরের পর গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেই তালিকায় বাদ ছিল ৬০ লক্ষের বেশি নাম। সেই নিয়ে জলঘোলা কম হয়নি। কমিশন জানিয়েছিল, দ্রুত সেগুলি নিষ্পত্তি করে অতিরিক্ত ভোটার তালিকায় নাম তুলে প্রকাশ করা হবে। কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে সেই কাজ শুরু হয়। ভিন রাজ্য থেকে আসা কয়েকশো জুডিশিয়াল অফিসাররা এই যাচাই প্রক্রিয়াইয় কাজ করছেন।
২৩ মার্চ প্রকাশিত হয় প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। এরপর ওই সপ্তাহের শুক্রবারই দ্বিতীয় তালিকা এবং শনিবার তৃতীয় তালিকা প্রকাশ করে কমিশন। তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্টে প্রায় ২ লক্ষ ১০ হাজার ভোটারের নাম উঠেছে। এবার চার আর পাঁচ নম্বর সাপ্লিমেন্টারি তালিকা একই সঙ্গে দুই ধাপে প্রকাশ করল কমিশন।
সিইও দফতর সূত্রে খবর, এখন থেকে আর শুধু শুক্রবার করেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে এমনটা নয়, জুডিশিয়াল অফিসাররা যখন যেমনভাবে যতটা ই-সাইন করে দেবেন, সেদিনই সেই তালিকা প্রকাশ করবে কমিশন।
আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু’দফায় বিধানসভা নির্বাচন হবে। তবে ভোটের আগে সব নামের নিষ্পত্তি হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। যদিও কমিশন জানিয়ছে, ভোটের আগের দিনও নাম তালিকায় উঠলে তিনি ভোট দিতে পারেবন।