ওঙ্কার ডেস্ক: পারিবারিক দ্বন্দ্বের কারণে এক ইউটিউবারকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর শ্বুশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গোলকুণ্ডা এলাকায়। ৩০ বছর বয়সী ওই যুবককে নিজের বাড়িতেই কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু কর এছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ইউটিউবারের নাম শেখ মাহাবুব। ‘চান্দি মাসুদ’ নামেও পরিচিত ছিলেন তিনি। ইউটিউবে ভিডিও প্রকাশ করার পাশাপশি ইলেকট্রিশিয়ান হিসেবেও কাজ করতেন তিনি। গোলকুণ্ডা থানা এলাকার কুমারওয়াড়িতে বিকেল ৩টা ২০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় মাহাবুবের পিছু নেয় একদল লোক। কোনও খারাপ উদ্দেশ্য আছে বুঝতে পেরে মাহাবুব তড়িঘড়ি নিজের ঘরে ঢুকে পড়েন। কিন্তু হামলাকারীরা জোর করে বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাত করে খুন করে।
পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন হলেন মাহাবুবের শ্যালক শেখ সোহেল। সোহেলের সঙ্গে তার দুই সহযোগী—আফু ও জাবির—ও ছিল বলে অভিযোগ। অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে মাহাবুবের ওপর হামলা চালায়। যার ফলে মাথায় গুরুতর আঘাত হয়। এ ছাড়া লোহার রড ও জিমের সরঞ্জাম দিয়েও আঘাত করা হয় ওই ইউটিউবারকে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়। পুলিশের অনুমান, দীর্ঘ দিনের পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকাণ্ড। পরিবারের লোকজনের আপত্তি অগ্রাহ্য করে প্রায় দেড় বছর আগে মাহাবুব প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের একটি সন্তানও রয়েছে। কিন্তু মাহাবুবের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভাল ছিল না; মনে করা হচ্ছে, এই কারণেই হত্যা করা হয়েছে।
অতিরিক্ত ডিসিপি কৃষ্ণা গৌড় জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করতে পুলিশ সব দিক খতিয়ে দেখছে। খুনে জড়িতদের খুঁজে বের করে গ্রেফতার করার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানান তিনি। অতিরিক্ত ডিসিপি বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেফতার এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সব রকম ভাবে চেষ্টা করব।’