ওঙ্কার ডেস্ক: ফের অশান্ত মণিপুর। কুকি সম্প্রদায়ের দুই ব্যক্তিকে অপহরণ করে খুনের ঘটনায় নতুন করে হিংসা ছড়াল উত্তর পূর্বের রাজ্যে। ইতিমধ্যেই এই ঘটনায় এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের বিজেপি সরকার।
উল্লেখ্য, মণিপুরে দীর্ঘদিন রাষ্ট্রপতি শাসন জারি ছিল। বর্তমানে নতুন সরকার ক্ষমতায় রয়েছে। তার মাঝেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হল কমজং জেলার থাওয়াই কুকি গ্রামে। সেখানর দুই কুকি গ্রামবাসীকে খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার ওই গ্রামের বাসিন্দা থেংগিন বাইটে এবং উখরুল জেলার শাংকাইয়ের বাসিন্দা থানগবোইমাং খোংসাইকে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার তাঁদের দেহ উদ্ধার হয়। আর তার পরেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, তাঁর সরকার ওই ঘটনার এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই হত্যাকাণ্ডে মেইতেই গোষ্ঠীর জড়িত না থাকার সম্ভাবনা জোরালো হচ্ছে। কারণ ওই পাহাড়ি এলাকায় মেইতেই সংগঠনগুলির কোনও অস্তিত্ব নেই। নাগা জঙ্গিরা এই হত্যাকাণ্ডে জড়িত বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত চার বছর ধরে মেইতেই এবং কুকি জনজাতির সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। সে রাজ্যে দীর্ঘদিন ধরে চলমান সংঘর্ষে নাগাদের ভূমিকা আগে সামনে আসেনি। এই প্রথম কোনও হত্যাকাণ্ডের নেপথ্যে নাগা গোষ্ঠীগুলির ভূমিকা থাকার সন্দেহ করা হচ্ছে।
