ওঙ্কার ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে রান্নার গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগের অন্ত নেই। তারমধ্যে গ্যাস বুকিংয়ের ব্যবধান নিয়ে নতুন ব্যাখ্যা দিল কেন্দ্র। জ্বালানি নিয়ে উত্তাল সংসদ। সংসদে বক্তব্য রাখতে গিয়ে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানান, গ্রামাঞ্চল ও অপেক্ষাকৃত দুর্গম এলাকায় দু’টি এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে অন্তত ৪৫ দিনের ব্যবধান থাকতে হবে। যদিও শহরাঞ্চলের ক্ষেত্রে এই সময়সীমা এখনও ২৫ দিনই রয়েছে।
কেন্দ্রের দাবি, রান্নার গ্যাসের কালোবাজারি ঠেকাতেই বুকিংয়ের নিয়মে এই পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার সংসদে মন্ত্রী স্পষ্ট করেন, ২৫ দিনের নিয়মটি মূলত শহরাঞ্চলের জন্য। গ্রামে একটি সিলিন্ডার বুক করার অন্তত ৪৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডারের বুকিং করা যাবে।
লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে পুরী জানান, দেশে পেট্রল, ডিজেল বা কেরোসিনের কোনও ঘাটতি নেই। জ্বালানি সরবরাহ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলেও আশ্বস্ত করেছেন। ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানির উপর নির্ভরশীল। এর বড় অংশই আসে হরমুজ প্রণালী-র মাধ্যমে। সাম্প্রতিক সংঘাতের জেরে ওই রুটে পরিবহণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে সঙ্কট তৈরি হয়নি বলেই দাবি করেছেন তিনি।
এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে এলপিজি উৎপাদন বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে। গত ৮ মার্চ কেন্দ্রের নির্দেশিকার পর উৎপাদন প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
অন্যদিকে, চলতি মাস থেকেই রান্নার গ্যাসের দামও বেড়েছে। কলকাতা-য় ৬০ টাকা বৃদ্ধি পেয়ে একটি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। দেশের নানা প্রান্তে গ্যাস বুকিং নিয়ে সমস্যার অভিযোগও উঠছে। গ্যাসের জোগান কমে যাওয়ায় হোটেল ও রেস্তরাঁতেও চাপ পড়েছে বলে খবর।
