ওঙ্কার ডেস্ক: সোনার দোকানে লুঠ করে পালাচ্ছিল চার জনের একটি ডাকাত দল। কিন্তু গ্রামবাসীরা তাদেরকে ঘিরে ফেলায় গুলি চালায় ওই দুষ্কৃতীরা। সেই গুলিতে মৃত্যু হয় এক গ্রামবাসীর। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ডাকাত দলকে তাড়া করে পাকড়াও করে গণপিটুণি দিল উত্তেজিত জনতা। সেই প্রহারের ফলে মৃত্যু হলে ডাকাত দলের দুই সদস্যের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জ জেলার ভোর থানার অন্তর্গত লালা ছাপার গ্রামে। এই গণপিটুনির ফলে আশঙ্কাজনক আরও দুই অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার লালা ছাপারের একটি সোনা দোকানে সশস্ত্র ডাকাতদল হামলা চালায়। অপরাধীরা দোকানে ঢুকে গয়না লুঠ করতে শুরু করে। পালানোর সময় স্থানীয়দের বাধার মুখে পড়ে ওই ডাকাতদল গুলি চালায়। সেই গুলি চালনার ফলে স্থানীয় সিসাই গ্রামের বাসিন্দা ডাবলু মিশ্র গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা অপরাধীদের ঘিরে ফেলে। ফাঁদে আটকে পড়েছে বুঝতে পেরে আরও গুলি চালাতে শুরু করে ওই ডাকাত দল। কিন্তু গ্রামবাসীরা দুই অভিযুক্তকে পাকড়াও করে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। দুজনেই ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার খবর পেয়ে ভোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকায় উত্তেজনা কমাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ উচ্চপদস্থ কর্তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। এই অপরাধ চক্রে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাকি দুই অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।