ওঙ্কার ডেস্ক: বিজেপির মেন্টর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অফিসে ছোঁড়া হল পেট্রোল বোম। পর পর দুটি বোমা ছোঁড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার ও বুধবারের মধ্যবর্তী রাতে রাঁচি শহরের নিবারণপুর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের দাবি, রাত ১২টা ৩৬ মিনিটে দুই যুবক আরএসএস অফিস লক্ষ্য করে এই বোমা ছোঁড়ে।
সঞ্জয় শেঠ অভিযোগ করেন, এই বোমা নিক্ষেপের ঘটনা বড় ধরণের ষড়যন্ত্রের ইঙ্গিত। তিনি সঙ্ঘের অফিসের কাছে পুলিশ পিকেট বসানোরও দাবি জানিয়েছেন। তাঁর কথায়, ‘সঙ্ঘের অফিসে হামলা হয়েছে। আরএসএস এর অফিস আমাদের মায়ের মতো। রাত ১২টা ৩৬ মিনিটে দুই যুবক পেট্রোল বোমা ছোঁড়ে অফিসে। এটি বড় ধরণের ষড়যন্ত্রের ইঙ্গিত। আমরা ডিসি-র সঙ্গে কথা বলেছি। সিনিয়র এসপি আমাদের ফোন ধরছেন না। আমরা অফিসের কাছে পুলিশ পিকেট বসানোর অনুরোধ জানিয়েছি।’ সংবাদমাধ্যমকে শহরের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কেভি রমণ জানান, ঘটনাস্থল থেকে দুটি বোতল উদ্ধার করা হয়েছে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল সেগুলো পরীক্ষা করছে। তিনি বলেন, ‘সাইবার ডিএসপি এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের এই মামলার দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আমরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য পেয়েছি।’
অন্য দিকে বিষয়টি নিয়ে ঝাড়খণ্ড বিধানসভার বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি জানান, রাতে বাইকে চেপে এসে দুই ব্যক্তি বোমাগুলো ছুঁড়েছিল। তিনি অভিযোগ করেন এটি হয়তো বড় কোনও ঘটনার পূর্বাভাস। তাঁর কথায়, ‘এটি গুরুতর ঘটনা। আরও বড় কোনও ঘটনার প্রস্তুতি এটি। আমরা এ বিষয়ে ডিসি-র সঙ্গে কথা বলেছি।’