ওঙ্কার ডেস্ক: ভারতীয় পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। এই আবহে শুল্ক প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াশিংটন ভারতের উপর চাপ বাড়ালেও নয়াদিল্লি আত্মসমর্পণ করবে না বলে স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী। সোমবার গুজরাটের আহমেদাবাদে এক সভায় এমন মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছেন। বাদ যায়নি ভারতও। ওয়াশিংটন যে শুল্ক চাপিয়েছে তার জেরে ভারতীয় অর্থনীতিতে যে আঘাত আসতে চলেছে সে কারণেই বিগত কংগ্রেস সরকারকে নিশানা করেছেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘৬০ থেকে ৬৫ বছর ধরে ভারত শাসন করেছে যে দল তাদের ‘আমদানি কেলেঙ্কারি’র জন্যই বর্তমানে আমাদের দেশ অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।’ সভা থেকে মোদী আরও বলেন, ‘যতই চাপ আসুক না কেন, আমরা তার মোকাবিলা করার জন্য প্রস্তুত। আত্মনির্ভর ভারত গড়ে তোলার সংকল্প নিয়েছিলাম আমরা। সেই সংকল্পের পথে অনেক দূর এগিয়ে গিয়েছি। দেশ এখন শক্তিশালী হয়েছে।’
দেশের কৃষক ও পশুপালকদের স্বার্থ তাঁর কাছে গুরুত্বপূর্ণ বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মোদীর কাছে কৃষক, গবাদি পশুপালক এবং ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত মানুষের স্বার্থ সবার আগে। এ ক্ষেত্রে কোনও আপস করা হবে না।’ প্রসঙ্গত অর্থনীতিবিদদের মতে, ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপালে প্রায় ৪০০০ কোটি ডলারের রফতানি ক্ষতির মুখে পড়বে। তবে দেশের অভ্যন্তরীণ বাজারে কেনাকাটা বাড়লে সেই ধাক্কা সামাল দেওয়া যেতে পারে বলে মত পর্যবেক্ষকদের। এদিন প্রধানমন্ত্রী দেশে উৎপাদিত পণ্য বিক্রি ও কেনার উপর জোর দেন।
