ওঙ্কার ডেস্ক: আগামী ২১ জুন নিট ইউজির পুনঃপরীক্ষা। তার আগে আরও এক পরীক্ষার্থী আত্মহননের পথ বেছে নিল। তামিলনাড়ুর ওই ছাত্রীর নাম অনুনকীর্তনা। বয়স ১৯ বছর। এর আগে সে দু’বার নিট পরীক্ষায় বসেছিল, কিন্তু সফল হয়নি। চলতি বছরে পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু প্রশ্ন ফাঁসের এ বছর পরীক্ষা হলেও তা বাতিল করা হয়। পুনরায় আগামী ২১ জুন পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়। পরিবারের দাবি, ওই ছাত্রী মানসিক ভাবে ভেঙে ভেঙে পড়েছিল পরীক্ষা বাতিল হওয়ায়।
ছাত্রীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে কোয়াম্বাটুরে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। নিট পরীক্ষার বর্তমান ব্যবস্থা বাতিলের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। ইতিমধ্যে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে ডিএমকে। নিটের কারণে তামিলনাড়ুর বহু পড়ুয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে দলটি। উল্লেখ্য, এর আগে উত্তরাখণ্ডের দেরাদুনে নিজের বাড়ি থেকে ২৩ বছর বয়সী এক নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার হয়। আসন্ন পুনরায় নিট ইউজি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে।
দেরাদুনের ওই তরুণীর নাম রিয়া কুমারি থাপা। তাঁর বাবা প্রাক্তন সেনাকর্মী। তিনি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। মঙ্গলবার আত্মহত্যার ঘটনাটি সামনে আসে। দুপুরে খাওয়ার জন্য রিয়ার মা তাঁকে ডাকতে গেলে কোনও সাড়া পাননি। এরপর স্বামীকে জানান তিনি। তিনি এসেও ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায় পরিবারের লোকজন জোর করে ঘরের দরজা খুলে দেখতে পান রিয়া ঝুলন্ত অবস্থায় রয়েছে। এর পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। তাতে হিন্দিতে লেখা ছিল ‘মা-বাবা, আমি তোমাদের ভালোবাসি। এর জন্য কেউ দায়ী নয়।’