ওঙ্কার ডেস্ক: আগামী ২০ জুলাইয়ের মধ্যে নিট ইউজি পুনঃপরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা, এমনটাই জানালেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-এর এক ঊর্ধ্বতন কর্তা। সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, নিট-ইউজি-এর ফল ২০ জুলাইয়ের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যদিও সঠিক তারিখ তিনি ঘোষণা করেননি। ইতিমধ্যে এনটিএ দ্রুত ফল প্রকাশ নিশ্চিত করতে মূল্যায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে ওই কর্তা জানান। তিনি আরও বলেন, এভাবে কোনও দেরি ছাড়াই নির্ধারিত সূচি অনুযায়ী শিক্ষাবর্ষ চলবে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওই ঊর্ধ্বতন কর্তা বলেন, ‘আমরা এখনই কোনও তারিখ জানাতে চাই না, তবে ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে। সাধারণত, পরীক্ষার ৪৫ দিনের মধ্যে ফল ঘোষণা করা হয়, কিন্তু এবার যেহেতু আমরা ৩৭ দিনে পরীক্ষাটি নিয়েছি, তাই আমরা ফল আরও অনেক আগে ঘোষণা করব।’
উল্লেখ্য, ২০২৬ সালে নিট ইউজি পরীক্ষা প্রথমে হয়েছিল ৩ মে। কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগের পর ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থীকে আবার পরীক্ষায় বসতে হয় ২১ জুন। এনটিএ জানিয়েছে, যদিও পরীক্ষার ৪৫ দিনের মধ্যে ফল প্রকাশ হয়, তবে মূল্যায়নের সময়সীমা কম হওয়ায় এই চক্রটি আরও দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ফল ঘোষণার পর, মেডিকেল কাউন্সেলিং কমিটি (এমসিসি) এইমসস-সহ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ১৫% আসনের জন্য কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশ করবে। রাজ্যগুলি তাদের আওতায় থাকা অবশিষ্ট ৮৫% আসনের জন্য আলাদাভাবে কাউন্সেলিং করবে। পুনঃপরীক্ষা হলেও এমবিবিএস পড়ুয়াদের শিক্ষাবর্ষ যথাসময়েই শুরু হবে বলে জানানো হয়েছে।