ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনয়াহুকে ঘিরে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন তিনি নিজেই। একাধিক ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছিল, ইরানের হামলায় তিনি নিহত হয়েছেন। এই গুজব দ্রুত ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করে।
এই পরিস্থিতিতে বিতর্কের অবসান ঘটাতে একটি ভিডিও বার্তায় সামনে আসেন নেতানিয়াহু। সেখানে তাঁকে দেখা যায় ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে। ভিডিওতে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, “আমি এখনও বেঁচে আছি,” যার মাধ্যমে সরাসরি গুজবকে খণ্ডন করেন। এমনকি, ছড়িয়ে পড়া ‘এআই-তৈরি ভিডিও’ সংক্রান্ত অভিযোগের জবাব দিতে তিনি নিজের হাতও দেখান, যাতে পাঁচটি আঙুল স্পষ্ট দেখা যায়।
উল্লেখ্য, এই বিতর্কের সূত্রপাত হয় একটি ভাইরাল ভিডিওকে ঘিরে, যেখানে দাবি করা হয়েছিল নেতানিয়াহুর হাতে নাকি ছয়টি আঙুল দেখা গেছে। সেই ভিডিওকে কেন্দ্র করেই জোরালো হয় এআই-নির্মিত ‘ডিপফেক’ তত্ত্ব। অনেকেই মনে করতে শুরু করেন, নেতানিয়াহু আর বেঁচে নেই এবং তাঁর জায়গায় প্রযুক্তির সাহায্যে ভুয়ো ভিডিও প্রচার করা হচ্ছে। এর আগে একটি ক্যাফেতে নেতানিয়াহুর একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে তিনি কফি খেতে খেতে মজা করে বলেন, “আমি মৃত… কফির জন্য।” এই মন্তব্যই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং গুজবকে উসকে দেয়। সেই ভিডিওকেও এক্স-এর চ্যাটবট ‘গর্ক’ কৃত্তিমবুদ্ধিমত্তা দ্বারা নির্মিত বলে চিহ্নিত করেছিল। এমনকি কিছু দর্শকও বিভিন্ন টুল ব্যবহার করে জানায় ভিডিওটির প্রায় ৭৮% এআই নিয়ে বানানো।
তবে সরকারি সূত্র এবং কূটনৈতিক মহল স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সমস্ত দাবির কোনও ভিত্তি নেই। নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছেন। গোটা ঘটনাটি বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতিতে তথ্যযুদ্ধ এবং ভুয়ো খবরের দ্রুত বিস্তারের একটি বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
