ওঙ্কার ডেস্ক: প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার সময় নয়াদিল্লি রেলস্টেশনে গত ফেব্রুয়ারি মাসে পদপিষ্টের ঘটনা ঘটে। যে ঘটনায় রেলের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। কেন সেই দুর্ঘটনা ঘটেছিল এ বার তার কারণ জানালেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল মন্ত্রীর দাবি, যাত্রীদের মধ্যে এক জনের মাথার ভারী বোঝা পড়ে গিয়েছিল। যার জেরে হুড়োহুড়ির জেরে পদপিষ্টের ঘটনা ঘটে।
রাজ্যসভায় শুক্রবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ‘এক যাত্রীর মাথা থেকে বড় বোঝা পড়ে গিয়েছিল, যার ফলে সিঁড়িতে হুড়োহুড়ি শুরু হয়। আর সে কারণেই পদপিষ্টের ঘটনা ঘটে। রেলমন্ত্রী জানান, গত ১৫ ফেব্রুয়ারি নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে রাত ৮টা ১৫ এর পর থেকে ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ফুট ওভার ব্রিজে যাত্রী সংখ্যা বাড়তে থাকে। রাত ৮টা ৪৮ মিনিট নাগাদ পদপিষ্টের ঘটনা ঘটে। যার ফলে মহিলা, শিশু-সহ ১৮ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় জখম হন ১৫ জন। ভুক্তভোগীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি রাতের সেই পদপিষ্টের ঘটনায় উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত শেষে সেই কমিটির দেওয়া রিপোর্ট দেয়, যাতে উল্লেখ করা হয়, ভিড়ের মধ্যে এক যাত্রীর মাথা থেকে বোঝা পড়ে গিয়েছিল। যার ফলে সেখানে হুড়হুড়ির মত পরিস্থিতি তৈরি হয়। আর তা থেকেই ঘটে যায় বিপর্যয়। সমালোচকদের মতে, রেলের রিপোর্টে কার্যত যাত্রীদের দিকেই দায় ঠেলার চেষ্টা হয়েছে।
