ওঙ্কার ডেস্ক:চিনির দাম নিয়ে স্বস্তি ফেরার আগেই নতুন করে চাপ বাড়াচ্ছে পেঁয়াজ। খুচরো বাজারে এক কেজি পেঁয়াজের দাম ইতিমধ্যেই ৬০ টাকা ছুঁয়েছে। ব্যবসায়ীদের আশঙ্কা, পরিস্থিতি বদল না হলে আগামী দিনে দাম আরও বাড়তে পারে।
পাইকারি বাজারের ছবিও স্বস্তিদায়ক নয়। পোস্তা ও কোলে মার্কেটের ব্যবসায়ীদের বক্তব্য, সরবরাহ কমে যাওয়াই বাজারে প্রভাব ফেলছে। তাঁদের আশঙ্কা, পরিস্থিতি একই থাকলে কিছুদিনের মধ্যে পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকা কেজিতেও পৌঁছতে পারে। পেঁয়াজের দাম বৃদ্ধির পিছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী ও প্রশাসনিক মহল।সাম্প্রতিক সময়ে চিনির দাম বাড়ার পর পেঁয়াজ নিয়েও কিছু ব্যবসায়ী বাজারে জোগান কমিয়ে দিয়েছেন।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং কৃষিসচিব নিতিন খড়গেও মজুতদারির বিষয়টি সামনে এনেছেন। তবে শুধু মজুতদারিকে দায়ী করছেন না ব্যবসায়ীরা।তাঁদের মতে, এই সময়টায় পেঁয়াজের সরবরাহ ব্যবস্থাতেও স্বাভাবিক পরিবর্তন আসে। অগস্ট-সেপ্টেম্বর এলেই সাধারণত পেঁয়াজের বাজারে চাপ তৈরি হয়। কারণ এই সময় বাংলার নিজস্ব উৎপাদন প্রায় শেষের দিকে থাকে। এ রাজ্যে সাধারণত ডিসেম্বরে পেঁয়াজের বীজ বোনা হয়। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের গোড়ায় ফসল ঘরে ওঠে। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বাজারে বাংলার পেঁয়াজের জোগান থাকে। এরপর মূলত মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশের উপর নির্ভর করতে হয় রাজ্যের বাজারকে। পুজোর আগে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকার কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে আম জনতা।