সোমবার বেশি রাতে জলপাইগুড়ির সিপিএম কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব। অভিযোগ, রাত প্রায় সাড়ে দশটা নাগাদ কার্যালয়ের ভিতরে কাচ ও আগুনের গোলা ছোড়া হয়। ওইসময় ঘটনাস্থলে ছিলেন বেশ কয়েকজন বাম কর্মী। ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম।
সমাজমাধ্যমে ক্ষোভ উগরে শাসক দলের দিকেই আঙ্গুল তুলেছেন সেলিম। তাঁর অভিযোগ, সিপিএম কর্মীদের কাজ এটা না। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘জলপাইগুড়ি সিপিআই(এম) জেলা দফতরে বিজেপির দুষ্কৃতিদের হামলা! চোরের মত রাত সাড়ে দশটা নাগাদ।’ সেলিমের পোস্ট করা ওই ভিডিওতে দেখা গিয়েছে বন্ধ লোহার গেট ভাঙার চেষ্টা করছিল দুষ্কৃতীরা। বাইরে থেকে লাঠি, কাচ এবং আগুনের গোলা ছোড়া হয়। এখানেই শেষ না। কার্যালয়ের ভিতরে থাকা কর্মীদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
সিপিআইএম জেলা নেতৃত্বের তরফে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়েছে। ইতিমধ্যেই গতকাল রাতের ঘটনায় মঙ্গলবার জেলা জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সিপিআইএম। তাঁদের দাবি যে বা যারা দোষী, এই হামলার ঘটনার সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।