নেপাল বিপর্যয়ের পর প্রমাদ গুনছে উত্তরবঙ্গ। যেকোনও সময় বদলাতে পারে পরিস্থিতি। তাই প্রতিবেশী দেশ থেকে শিক্ষা নিয়ে এবার আগাম সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার। আজ, মঙ্গলবার উত্তরের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে উত্তরকন্যায় সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আলোচনা করবেন বর্তমান পরিস্থিতি নিয়ে।
সূত্রের খবর, আজ বাগডোগরা বিমানবন্দর থেকে প্রথমে তিনি যাবেন কালিম্পংয়ে। সেখানে টাউন হলে পাহাড়বাসীর হাতে সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন। সারবেন প্রশাসনিক বৈঠকও। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন সাংসদ রাজু বিস্তা, বিধায়ক ভরত ছেত্রী, সোনম লামা ও নোমান রাই। এরপর সেখানকার কর্মসূচি শেষ করে ফের শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করবেন।
প্রশাসনিক সূত্রে খবর, পাহাড়ের উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা ছাড়াও দুর্যোগ মোকাবিলার আগাম প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বৈঠকে। বিশেষ করে পাহাড়ের ধসপ্রবণ এলাকা, সংকীর্ণ ও বিপজ্জনক নদী-খাল এবং পাহাড়ি রাস্তার নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি দুর্যোগ নামার আগেই পাহাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ জনবসতিগুলিতে কীভাবে দ্রুত সতর্কবার্তা পাঠানো যায়, তার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে। এর মধ্যেই আগামী কয়েকদিন পাহাড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে পরিস্থিতি যেকোনও মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারে। তাই আগে থাকতেই সবদিক বিবেচনা করে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে সরকার।