ওঙ্কার ডেস্ক: বাংলার বৃহত্তম উৎসবে একাধিক নয়া নিয়ম ও নির্দেশিকা জারি করতে চলেছে বিজেপি সরকার। বড় পুজোগুলির জন্য সরকারি অনুদান না দেওয়ার সিদ্ধান্ত থেকে শুরু করে অষ্টমীর দিন মদ বিক্রিতে নিষেধাজ্ঞা একাধিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। গত প্রায় ১৫ বছর ধরে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার পুজোর পাশাপাশি বড় পুজোগুলির জন্য আর্থিক সাহায্য চালু করেছিলেন।
শুভেন্দু অধিকারীর সরকার অষ্টমীর দিন ‘ড্রাই ডে’ ঘোষণা করায় সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী সোমবার বলেন, ‘পুজোর জন্য জাতীয় সড়ক আটকে রাখা যাবে না… কলকাতায় পুজোর কারণে ১৪টি রাস্তা বন্ধ রাখাও চলবে না… পুজো বা প্রতিমা বিসর্জনের দিন ডিজে-তে নিষেধাজ্ঞা।’ তাঁর সংযোজন, ‘সমস্ত পুজো কমিটিকে এই নির্দেশিকা মেনে চলার আহ্বান জানাচ্ছি।’
গত পুজোয় তৃণমূল সরকার প্রতিটি পুজো কমিটিকে ১.১০ লক্ষ টাকা অনুদান দিয়েছিল। শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি বলেছিলাম যে রাজ্য সরকার রাজ্যের বড় দুর্গাপুজোগুলির জন্য কোনো অনুদান দেবে না। বড় বাজেটের পুজো কমিটিগুলো দয়া করে সরকারি সাহায্য নেবেন না। আমি আপনাদের আলাদা করে ধন্যবাদ জানাব।’ তবে যেসব পুজো আর্থিক সাহায্য ছাড়া আয়োজন করা সম্ভব নয়, তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা দেওয়া হবে। পুজো কমিটিগুলো কিছু ক্ষেত্রে ছাড় পাবে। বিদ্যুতের জন্য কোনও মাশুল দিতে হবে না এবং অগ্নিনির্বাপণ লাইসেন্সও বিনামূল্যে পাবে।