ওঙ্কার ডেস্ক: প্যারিসে এক হিন্দু গোষ্ঠীর আইফেল টাওয়ার দর্শন ঘিরে জোর শোরগোল। ওই গোষ্ঠীটি এই স্থাপনা দর্শনের আগে কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছিল, মহিলা কর্মীরা যাতে তাদের সামনে না আসেন। সেই আর্জি মেনে কর্তৃপক্ষ মহিলা কর্মীদের কাজের জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। গোটা ঘটনায় ক্ষুব্ধ হয়ে কর্মীরা ধর্মঘটে সামিল হয়েছেন। যার ফলে বিশ্বের অন্যতম এই স্থাপনাটি সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়।
রিপোর্ট অনুসারে, গত সপ্তাহে বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার প্রায় ১০০ জনের একটি প্রতিনিধি দল প্যারিসে একটি মন্দির উদ্বোধনে গিয়েছিলেন। এর পর তাঁরা আইফেল টাওয়ার পরিদর্শনে যান।সেই পরিদর্শনের সময় মহিলা কর্মীদের একপাশে সরিয়ে রাখা হয় বলে অভিযোগ। তাঁদের জায়গায় পুরুষ কর্মী নিয়োগ করা হয়। লিঙ্গ বৈষম্যের জেরে মহিলাদের আড়ালে রাখার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কর্মীরা। এক বিবৃতিতে কর্মীরা বলেন, ‘ওই প্রতিনিধি দলকে স্বাগত জানানোর জন্য আইফেল টাওয়ারের মহিলা কর্মীদের আড়ালে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।’ এমন পরিস্থিতির মুখে পড়ে তাঁরা হতবাক ও ক্ষুব্ধ বলে জানান। এক কর্মী বলেন, ‘কাউকে কাউকে তাঁদের কাজের জায়গা ছেড়ে অন্য জায়গায় সরে যেতে বলা হয়েছিল। কিছু জায়গায় তাঁদের বদলে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়া প্রতিনিধি দলের উপস্থিতিতে নির্দিষ্ট কিছু এলাকা দিয়ে চলাফেরা না করার জন্যও সমস্ত মহিলা কর্মীকে নির্দেশ দেওয়া হয়েছিল।’
উল্লেখ্য প্যারিসের এই বিখ্যাত স্থাপনাটি দেখভাল এবং পরিচালনা করে ‘সেটে’ নামক সংস্থা। তারা স্বীকার করেছে, হিন্দু প্রতিনিধি দলটি এমনভাবে পরিদর্শনের আয়োজন করতে বলেছিল। শর্তগুলো মেনে নেওয়া উচিত হয়নি বলেও পরে খেদ প্রকাশ করেছে সংস্থাটি।