নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: ছয় বছর আগের মণীশ শুক্ল খুনের মামলাকে ঘিরে বিজেপির অন্দরে প্রকাশ্যে চলে এল কোন্দল। রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহকে নিশানা করলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী। প্রয়োজনে বিজেপির রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
২০২০ সালে টিটাগড়ে দলীয় কার্যালয়ের সামনে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লকে। সেই মামলা নতুন করে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছেন কৌস্তুভ। এ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব, সিআইডির ডিজি এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন বলে দাবি তাঁর।
সোমবার সাংবাদিক বৈঠক করে কৌস্তুভ অভিযোগ করেন, মণীশের খুনে যাদের নাম জড়িয়েছিল, তারাই এখন বিজেপির ছত্রছায়ায় ঘুরছে। নাম না করলেও তাঁর ইঙ্গিত অর্জুন সিংহের দিকে। কয়েকটি ছবিও সামনে আনেন তিনি। কৌস্তুভের বক্তব্য, “আমাদের কিছু লোকের সঙ্গে মণীশ শুক্লর হত্যাকারীদের দেখা যাচ্ছে, এটা ভাল লাগছে না।”
একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রাক্তন দুই পুরপ্রধান উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে কোনওভাবেই বিজেপিতে নেওয়া যাবে না। আগেও প্রতিবাদ জানাতে মাথা কামিয়েছিলেন, এবার আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক।
যদিও কৌস্তুভের এই অভিযোগ নিয়ে অর্জুন সিংহের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাঁকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
অন্যদিকে কৌস্তুভকে পাল্টা নিশানা করেছেন নিহত মণীশের বাবা চন্দ্রমণি শুক্ল। তাঁর দাবি, মামলা চলাকালীন ব্যারাকপুরে আইনজীবী না পেয়ে তাঁরা কৌস্তুভের কাছে গিয়েছিলেন। প্রথমে রাজি হলেও পরে প্রাণভয়ের কথা বলে তিনি সরে যান। এখন ছেলের নাম ব্যবহার করে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ চন্দ্রমণির।