ওঙ্কার ডেস্ক: সিনেমা বা কনসার্টের টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু প্রধানমন্ত্রীর জনসংযোগমূলক অনুষ্ঠানের আসন এক ঘণ্টার মধ্যেই পূর্ণ হয়ে যাওয়ার ঘটনা নজর কেড়েছে সবার।গুজরাতের ভাদোদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠানে এমনই ঘটেছে।
৮ সেপ্টেম্বর মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান হওয়ার কথা। সেখানে অংশ নেওয়ার জন্য বিনামূল্যে ডিজিটাল টিকিটের ব্যবস্থা করা হয়েছিল।বুকমাইশোর মাধ্যমে টিকিট ছাড়া হতেই অল্প সময়ের মধ্যে সমস্ত আসন পূর্ণ হয়ে যায়। অপেক্ষমাণ তালিকায় রয়েছে এখনও ৪২ হাজারেরও বেশি মানুষ। অনুষ্ঠানে প্রবেশের জন্য থাকবে কিউআর কোডযুক্ত ডিজিটাল এম-টিকিট। সাধারণ নাগরিক থেকে শুরু করে পড়ুয়া, ব্যবসায়ী এবং তরুণ উদ্যোক্তারাও অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁদের সঙ্গে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
ওই দিন গুজরাত ও মহারাষ্ট্রের জন্য ৩৫ হাজার কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এর মধ্যে বড় ভূমিকা নিতে চলেছে রেল পরিকাঠামো। প্রায় ২০ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে তৈরি ৩২৬ কিলোমিটার দীর্ঘ ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের তিনটি অংশ দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করা হবে। এই করিডোর চালু হলে উত্তর ভারতের সঙ্গে মুম্বইয়ের জওহরলাল নেহরু বন্দর বা জেএনপিটির পণ্যবাহী রেল যোগাযোগ আরও দ্রুত হবে। এর ফলে পণ্য পরিবহণের সময় ও খরচ কমার সম্ভাবনা রয়েছে।