গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: বাড়িতে গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ! অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। সূত্রের দাবি, সেই সময় বাড়িতে একা ছিলেন মহিলা। ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছিলেন তাঁর স্বামী। সেই সময়েই টুকাই নামে এক যুবক তাঁকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয়রা।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থানার অন্তর্গত এলাকায়। অভিযোগ, গৃহবধূ যখন বাড়িতে একা ছিলেন, ঠিক সেই সময় দরজার বাইরে হাজির হয় অভিযুক্ত। ডাকাডাকি শুরু করলে দরজা খোলেন মহিলা। এরপরেই আচমকা তাঁর উপর চড়াও হয় যুবক। গৃহবধূর মুখ চেপে ধরে চলে যৌন নির্যাতন। এখানেই শেষ না। বিষয়টি কাওকে জানালে খুনের হুমকিও দেওয়া হয় মহিলাকে।
ঘটনার পরে দ্রুত স্বামীকে ফোন করে সবটা জানান মহিলা। এরপর কুলতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করে দু’জন। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে চলছে তল্লাশি।