ওঙ্কার ডেস্ক:পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার জন্য পরীক্ষার্থীদের তল্লাশি নতুন কিছু নয়। তবে সেই তল্লাশির সময় ছাত্রীদের ব্যক্তিগত পরিসর লঙ্ঘনের অভিযোগ উঠলে তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে এমবিবিএস পরীক্ষার আগে এমনই গুরুতর অভিযোগ সামনে এসেছে।
ছাত্রীদের একাংশের অভিযোগ, নিরাপত্তা পরীক্ষার নামে তাঁদের অন্তর্বাস পর্যন্ত হাত দিয়ে তল্লাশি করা হয়েছে। কয়েকজনের দাবি, ঋতুস্রাব চলাকালীন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নিয়েও আপত্তি তোলা হয়েছিল।ঘটনার জেরে পড়ুয়াদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে পৃথক কমিটি গঠন করেছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও।
কলেজ সূত্রে খবর ঘটনাটি ঘটে শনিবার। ওই দিন এমবিবিএসের অ্যানাটমি পরীক্ষা ছিল। পরীক্ষার সময় নির্ধারিত ছিল সকাল ১১টা। অভিযোগ, তার প্রায় ৩০ মিনিট আগে ছাত্রীদের আলাদা একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানেই মহিলা নিরাপত্তাকর্মীরা তাঁদের তল্লাশি করেন বলে অভিযোগ। পরীক্ষার্থীদের একাংশের দাবি, তল্লাশির সময় শারীরিক সীমারেখা মানা হয়নি। অন্তর্বাসেও হাত দেওয়া হয়েছে।
রবিবার ছুটির দিন হওয়ায় লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে কলেজের অধ্যক্ষকে মৌখিক ভাবে বিষয়টি জানান ছাত্রীরা। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ পৌঁছয় কর্তৃপক্ষের কাছে। ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন ছাত্রী সমাজ মাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানান। তাঁদের কেউ কেউ এই ধরনের তল্লাশিকে অত্যন্ত গুরুতর এবং অপরাধমূলক আচরণ বলেও অভিযোগ করেছেন।