কেন্দ্রের ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ প্রকল্পের পথে এবার পশ্চিমবঙ্গও। দ্রুত শুরু হতে চলেছে ‘আপার আইডি’ তৈরির প্রক্রিয়া। অবিকল আধার কার্ডের আদলে তৈরি হবে এই বিশেষ কার্ড। সেই সূত্রে নদিয়া জেলার তেহট্ট ১ ও ২ চক্রের পাশাপাশি সমস্ত সরকারি ও সরকার-পোষিত স্কুলে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। মূলত, পড়ুয়াদের প্রাক্-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত নথি একটি মাত্র নির্দিষ্ট পরিচয়ে নিয়ে আসাই এই উদ্যোগের লক্ষ্য।
রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, আধার কার্ডের আদলে তৈরি এই নথিতে পড়ুয়াদের প্রতিটি পরীক্ষার ফলাফল, মার্কশিট, সার্টিফিকেট ও ডিগ্রি গচ্ছিত থাকবে। ইউডাইস প্লাস পোর্টালের ‘স্টুডেন্ট মডিউল’-এ গিয়ে স্কুলগুলিকে শিক্ষার্থীদের সব নথি যাচাই করে আইডি তৈরি করতে হবে। এই নতুন দায়িত্ব পূরণ করতে আজ, সোমবার থেকেই তেহট্টে শুরু হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণ পর্ব। কীভাবে পড়ুয়াদের তথ্য নিখুঁত ভাবে যাচাই করে আপলোড করা হবে তা-ই ধাপে ধাপে শেখানো হবে এই প্রশিক্ষণ পর্বে।
ইতিমধ্যেই রাজ্যের এই নতুন উদ্যোগ নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই প্রক্রিয়ার প্রশংসা করেছে। তবে শিক্ষক মহলের একাংশের দাবি, বর্তমানে উঁচুক্লাসে পাঠরত শিক্ষার্থীদের আগের ক্লাসের তথ্য এই আইডিতে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে না। ফলে গোটা প্রক্রিয়া নিয়ে দ্বিমত থেকেই যাচ্ছে।