নিজস্ব সংবাদদাতা : শহরের পুলিশি পরিষেবা ও নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কলকাতা পুলিশের যানবাহনের বহরে যুক্ত হল ৫১টি নতুন যান। একটি বেসরকারি গাড়ি প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে কলকাতা পুলিশকে ৫০টি মোটরবাইক এবং একটি চারচাকা গাড়ি তুলে দেওয়া হয়েছে।
সোমবার লালবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন যানগুলি কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। নতুন যানগুলির উদ্বোধন উপলক্ষে পতাকা উত্তোলনের পাশাপাশি একটি র্যালিরও আয়োজন করে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অত্যাধুনিক এই যানগুলি আগামী দিনে শহরের বিভিন্ন প্রান্তে পুলিশি পরিষেবা আরও দ্রুত পৌঁছে দেওয়া, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং নজরদারির কাজে ব্যবহার করা হবে। ঘনবসতিপূর্ণ এলাকা ও যানজটপূর্ণ রাস্তায় মোটরবাইকগুলি বিশেষভাবে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, নতুন যানগুলি কলকাতা পুলিশের জরুরি পরিষেবাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁর মতে, চারচাকা গাড়ির পাশাপাশি মোটরবাইক ব্যবহারের ফলে কম সময়ে বিভিন্ন এলাকায় পৌঁছে প্রয়োজনীয় পরিষেবা দেওয়া সম্ভব হবে।
পাশাপাশি ভিআইপি সুরক্ষার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন পরিবহণমন্ত্রী। তাঁর বক্তব্য, ভিআইপি কনভয়ের সঙ্গে পাইলট কার চলাচলের কারণে অনেক সময় শহরের রাস্তায় যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। তাই পাইলট কারের পরিবর্তে মোটরবাইক ব্যবহার করা যায় কি না, সেই বিষয়টি বিবেচনা করার জন্য কলকাতার পুলিশ কমিশনারের কাছে প্রস্তাব রাখেন তিনি।
নতুন এই ৫১টি যান কলকাতা পুলিশের বহরে যুক্ত হওয়ায় শহরের আইনশৃঙ্খলা রক্ষা, নজরদারি এবং জরুরি পরিষেবা আরও কার্যকর ও দ্রুত হবে বলেই আশা প্রশাসনের।