ওঙ্কার ডেস্ক: ভেনেজুয়েলায় সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক টানাপড়েন ঘিরে প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাল ভারত। মার্কিন সেনার অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর পরিস্থিতি আরও জটিল আকার নেয়। এই প্রেক্ষাপটে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলার বর্তমান সংকটের একমাত্র সমাধান শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমেই সম্ভব।
বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ গভীরভাবে উদ্বেগজনক এবং নয়াদিল্লি পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। একই সঙ্গে ভেনেজুয়েলার সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে ভারতের আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে। বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, যে কোনও ধরনের সংঘর্ষ বা শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে। তাই সব পক্ষকে সংযম বজায় রেখে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়েছে। ভারতের অবস্থান অনুযায়ী, রাজনৈতিক মতপার্থক্য বা ক্ষমতার দ্বন্দ্বের সমাধান সামরিক হস্তক্ষেপের মাধ্যমে নয়, বরং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপই সবচেয়ে কার্যকর পথ।
উল্লেখ্য, এর আগে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে ভারতের পক্ষ থেকে মূলত সে দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছিল। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি সেখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়। এবার সেই সতর্কতার বাইরে গিয়ে কূটনৈতিক স্তরে স্পষ্ট অবস্থান নিল নয়াদিল্লি।
