ওঙ্কার ডেস্ক: ফের প্রেসিডেন্সি সংশোধনাগারে উদ্ধার হল মোবাইল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি আফতাব আহমেদ আনসারির সেল থেকে পাওয়া গিয়েছে তিনটি মোবাইল ফোন। শুধু ফোন নয়। তাঁর সেল থেকে নগদ ৩১ হাজার টাকাও মিলেছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে জেলের নিরাপত্তা নিয়ে। কীভাবে একজন বন্দির কাছে মোবাইল পৌঁছল, তা খতিয়ে দেখছে পুলিশ।
কারা কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, জেলের ভিতর থেকে আফতাব মোবাইলে কথা বলছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য এসেছিল। শুধু ফোন করা নয়। সে নিয়মিত ইন্টারনেটও ব্যবহার করছিল বলে সন্দেহ তদন্তকারীদের। এরপরই প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে আফতাবের জামাকাপড় ও বিছানাপত্র খতিয়ে দেখা হয়। সেখান থেকেই উদ্ধার হয় তিনটি মোবাইল ফোন। পাশাপাশি মিলেছে দুটি রাউটার এবং একটি ওয়াই-ফাই যন্ত্র।উদ্ধার হয়েছে দুটি কার্ড রিডারও। তল্লাশিতে একটি পেন ড্রাইভ এবং ইয়ারফোনও পাওয়া গিয়েছে।
জেলের ভিতর থেকে আফতাব কার সঙ্গে যোগাযোগ করত, তা এখন তদন্তের অন্যতম বিষয়। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমে সে কারও সঙ্গে কথা বলত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিদেশে যোগাযোগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। বিশেষ করে পাকিস্তানে কোনও ফোন করা হয়েছিল কি না, সেই তথ্যও সংগ্রহের চেষ্টা চলছে। আফতাবের কাছে নগদ টাকা পৌঁছল কীভাবে, সেটিও তদন্তের আওতায় রয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, তাঁর সেল থেকে ৫০০ টাকার নোটে মোট ৩১ হাজার টাকা উদ্ধার হয়েছে। এই টাকা কোথা থেকে এল, তা জানার চেষ্টা করছে পুলিশ।