ওঙ্কার ডেস্ক: ত্রিনিদাদ ও টোবাগোর পণ্ডিতদের প্রশিক্ষণ দেবে ভারত। শুধু তাই নয় ভারতের ‘গীতা মহোৎসবে’ও যোগ দেবেন তাঁরা। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের আমন্ত্রণে ৩ ও ৪ জুলাই এই দেশটিতে সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেই সফরকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, প্রধানমন্ত্রী মোদী ভারতে ত্রিনিদাদ ও টোবাগোর পণ্ডিতদের একটি দলকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। এই পণ্ডিতরা ভারতে ‘গীতা মহোৎসবে’ও অংশগ্রহণ করবেন। ভারতের এই উদ্যোগের জন্য ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভারতের সঙ্গে ত্রিনিদাদ ও টোবাগোও যৌথভাবে ‘গীতা মহোৎসব’ উদযাপন করবে।
এ ছাড়াও ফরেনসিক বিজ্ঞান ও বিচার ব্যবস্থায় ত্রিনিদাদ ও টোবাগোর কর্মকর্তা ও আধিকারিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেবে ভারত। প্রশাসনিক সূত্রে খবর, ফরেনসিক বিজ্ঞান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে ত্রিনিদাদ ও টোবাগোর কর্মকর্তা ও কর্মীদের সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদী ইচ্ছা প্রকাশ করেছেন। দুই রকম ভাবে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। দেশটির কর্মীদের ভারতে পাঠানো হবে প্রশিক্ষণ নেওয়ার জন্য। ভারত থেকে এই বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষক এবং বিশেষজ্ঞদের ত্রিনিদাদ ও টোবাগোতে পাঠানো হবে সেখানে গিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য। উল্লেখ্য, গত ২৬ বছরে এটি প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক ত্রিনিদাদ ও টোবাগো সফর। ভারতীয়দের এই দেশটিতে যাওয়ার ১৮০ তম বর্ষপূর্তিও এ বছর। ১৮৪৫ সালে প্রথম কোনও ভারতীয় ত্রিনিদাদ ও টোবাগোতে গিয়েছিলেন।
