ওঙ্কার ডেস্ক: বৃষ্টিতে রাজ্যের দক্ষিণ থেকে উত্তর অঞ্চলকে দুর্ভোগে ফেলার পর অবশেষে বঙ্গ থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে পশ্চিমবঙ্গ থেকে পাততাড়ি গোটাবে বৃষ্টির মরসুম।
উল্লেখ্য, আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন সকালে উত্তরের বেশির ভাগ জেলায় রোদের দেখা মিলেছে। আবহবিদদের মতে, বর্তমানে উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হতে পারে বঙ্গে। তবে শুধু বাংলা নয়, সামগ্রিক ভাবে গোটা দেশ থেকেই বৃষ্টি কমতে চলেছে বলে জানাচ্ছেন তাঁরা। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে যা ০.২ ডিগ্রি বেশি। সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি কম।
সম্প্রতি কলকাতা শহরে অতি ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছিল গোটা শহর। বিপর্যস্ত হয়ে পড়েছিল জন জীবন। শহরের বিভিন্ন জায়গায় জল যন্ত্রণার শিকার হয়েছেন বহু মানুষ। জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। কলকাতার পর টানা বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গ। ইতিমধ্যে উত্তরের জেলাগুলিতে বিপর্যয়ের ফলে মৃত্যু হয়েছে কম করে ২৮ জনের। বর্ষা বিদায় নিলে আপাতত দুর্যোগ থেকে রেহাই পাবেন বঙ্গবাসী।
