কলকাতা: দুর্গাপুজোর মুখে জামিন পেলেন তৃণমূল নেতা তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস শর্তসাপেক্ষে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। প্রায় চার মাস আগে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি।
২০১৮ সালের একটি ঘটনায় সব্যসাচীর বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি টাকা চাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগকারীর দাবি, লোক পাঠিয়ে তাঁর কাছে টাকা চাওয়া হয়েছিল। তিনি অত টাকা দিতে না পারায় ২ লক্ষ ৩০ হাজার টাকা দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই গত ৮ জুন বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
তদন্তে নেমে পুলিশ সব্যসাচীর একাধিক ঠিকানায় তল্লাশি চালায়। গ্রেফতারির ৫৭ দিন পর গত ৫ অগস্ট বারাসত আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। মামলার সূত্র ধরে রাজারহাটে তাঁর বাড়ি ও ফ্ল্যাটেও যান তদন্তকারীরা। একই সঙ্গে সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার করিমপুরের পৈতৃক বাড়িতেও তল্লাশি হয়। সেখান থেকে প্রায় তিন কেজি সোনার গয়না উদ্ধার করা হয়, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। চার্জশিটেও এই উদ্ধারের কথা উল্লেখ ছিল।
এই মামলার সূত্র ধরেই পরে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বিধাননগর উত্তর থানার এফআইআরের ভিত্তিতে গত ২৩ জুন আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে মামলা রুজু করে তারা। সেই মামলায় বিভিন্ন জায়গায় তল্লাশিও চালায় কেন্দ্রীয় সংস্থা।
অবশেষে মঙ্গলবার তোলাবাজির মামলায় জামিন পেলেন সব্যসাচী। আদালত জানিয়েছে, তদন্তে সহযোগিতা করার শর্তেই তাঁকে জামিন দেওয়া হচ্ছে।