ওঙ্কার ডেস্ক: সপ্তাহের প্রথম দিনেই শিয়ালদহ স্টেশনে আগুন। সোমবার সকালে স্টেশনের ফুডপ্লাজার একটি খাবারের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। অনেকেই দ্রুত নিরাপদ জায়গায় সরে যান। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে।
দমকল সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা ১৪ মিনিট নাগাদ আগুনের খবর আসে। খবর পেয়েই তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। দমকলকর্মীরা দোকানের কাচ ভেঙে ভিতরের ধোঁয়া বের করার চেষ্টা করেন। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, সেজন্য শুরু হয় কুলিংয়ের কাজ। ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরাও।
দমকল বাহিনীর এক আধিকারিকের দাবি, ওই খাবারের দোকানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পর্যাপ্ত জলের ব্যবস্থাও পাওয়া যায়নি বলে অভিযোগ। ফলে দমকলের নিজস্ব জল ব্যবহার করেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। এই মুহূর্তে আগুনের বড় কোনও শিখা দেখা যাচ্ছে না। তবে স্টেশন চত্বরে এখনও ধোঁয়া রয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে কি না, তা নিশ্চিত করতে পরিস্থিতির উপর নজর রাখছেন দমকলকর্মীরা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।